ক্ষমতায় আসার দেড় সপ্তাহের মাথায় শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে বিএনপির সরকারের সামনে। যুদ্ধ ইতিমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং এর শেষ হওয়ার লক্ষণ এখনো দৃশ্যমান নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। ক্রমেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য খাতেও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যা নতুন সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।
আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এমন ব্যক্তিরা বলছেন, যুদ্ধের অভিঘাত কোথায় গিয়ে ঠেকবে, তা এখনো অনিশ্চিত। এ পরিস্থিতি মোকাবিলায় সদ্য ক্ষমতাসীন সরকার কতটা প্রস্তুত, সেটিই এখন সব মহলে আলোচনার বিষয়।